শনিবার (১৩ জুন) ভোরে রমেক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন নুরজাহান বেগম (৬২) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বজনদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জেরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে সাময়িকভাবে চিকিৎসা সেবা ব্যাহত হয়। অন্যদিকে, রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালের প্রধান ফটকের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক প্রতিনিধি ও রোগীর স্বজনদের সঙ্গে আলোচনায় বসেন। ধারাবাহিক সংলাপের একপর্যায়ে রোগীর স্বজনরা উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।
পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বজনরা সড়ক অবরোধ তুলে নেন এবং চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে ফিরে আসেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন-শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত