সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত : ১৪ জুন ২০২৬, রাত ১২:১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আদর্শ ভূমিপল্লী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলো একসাথে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। অনুষ্ঠানে দেশের তিন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা শওকত আনোয়ার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, একটি স্বৈরাচারমুক্ত, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অনুভূতি প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।