সারাদেশ

সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব শীঘ্রই বাস্তবায়ন হবে: শিক্ষামন্ত্রী

প্রিন্ট
সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব শীঘ্রই বাস্তবায়ন হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন ২০২৬, রাত ১২:০৫

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাক্ষেত্রকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব অতিশীঘ্রই শিক্ষানীতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। স্থানীয় সংসদ সদস্য এর জন্য ১০০ বিঘা জমি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নবনির্মিত বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মানে শুধু জিপিএ-৫ পাওয়া নয়, শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। সরকার ইতোমধ্যে শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি এবং শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, এবার পরীক্ষা শেষে ডিসেম্বর মাসের মধ্যেই সব নতুন বই বিতরণ সম্পন্ন করা হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট ও আইনি জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সর্বমোট ৮৩ হাজার ৫০০টি মামলা রয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকার কারণে প্রধান শিক্ষকের সংকট দূর করা যাচ্ছে না। আইনমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত এসব মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।