সারাদেশ

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে কারখানায় ডাকাতি: কোটি টাকার মালামাল লুট

প্রিন্ট
রূপগঞ্জে পুলিশ পরিচয়ে কারখানায় ডাকাতি: কোটি টাকার মালামাল লুট

প্রকাশিত : ১৪ জুন ২০২৬, রাত ১২:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রথমে তিনজন লোক জোরপূর্বক কারখানায় প্রবেশ করেন। পরিচয় নিশ্চিত করতে চাইলে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র উঁচিয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের হাত, পা ও মুখ বেঁধে একটি রুমে আটকে রাখে। এরপর তাদের আরও প্রায় ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল কারখানায় ঢুকে তাণ্ডব চালায়।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল কাদের মিলন বলেন, ডাকাত দলটি কারখানায় প্রবেশ করে অফিস কক্ষ থেকে নগদ ২২ লাখ টাকা লুটে নেয়। পরে তারা ট্রাক ও ভারী যানবাহন নিয়ে এসে কারখানার মূল্যবান কম্প্রেসার, মোটর, হোন্ডা, মেশিনারিজ ও ব্যাটারিসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারখানার কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রটিকে সনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।