প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫১ পিএম
1716
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
এ এম এম নাসির উদ্দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য বা সমালোচনা শুনতে নির্বাচন কমিশন অভ্যস্ত হয়ে গেছে।
সোমবার রাজধানীতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিইসি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী প্রায়ই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতেন। তবে বৈঠক শেষে বাইরে গিয়েই কমিশনকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতেন। তাই এসব মন্তব্য তাদের কাছে নতুন কিছু নয়।
তিনি আরও বলেন, অনেকের কাছে বিষয়টি নতুন মনে হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এতে মোটেও মনঃক্ষুণ্ণ নন। তার ভাষায়, শুধু প্রশংসা করলে প্রকৃত মূল্যায়ন হয় না। কেউ নিজের দৃষ্টিভঙ্গি থেকে মতামত প্রকাশ করলে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য।
সিইসি বলেন, অতীতে একপাক্ষিক প্রশংসার সংস্কৃতি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। একতরফা প্রশংসার কারণেই রাষ্ট্র ও রাজনীতিতে নানা সংকট তৈরি হয়েছে। তাই সমালোচনা ও ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন পরিচালনায় সরকারের ভূমিকার প্রসঙ্গ তুলে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার ছাড়া নির্বাচন পরিচালনা কার্যত অসম্ভব। তবে অতীতের একটি অন্তর্বর্তীকালীন সরকারের উদাহরণ দিয়ে তিনি জানান, তখন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং কমিশন পূর্ণ সহযোগিতা পেয়েছিল। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিইসি।