সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে জামায়াত বদ্ধপরিকর: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

1698

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ থানার উদ্যোগে সৈয়দপুর গোল চত্বরসংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনে জনপ্রতিনিধির নামে জনগণের ভোট ডাকাতি করে শোষণ ও অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ বা শোষকের স্থান হবে না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রতিনিধি বানানো যাবে না। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সৎ, যোগ্য ও খোদাভীরু মানুষদের নির্বাচিত করতে হবে। এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তৃতার শেষ পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলে হাজারো জনতা হাত তুলে তাতে একাত্মতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সেক্রেটারি ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী আহাম্মদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এন নাসির উদ্দীন, মাওলানা সাইফুদ্দীন মনির ও দক্ষিণ থানার আমীর খলিলুর রহমান টিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Link copied!