প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
1705
০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অতীতে দেশের গণতন্ত্রকামী মানুষদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার রাজনীতিতে ফিরতে হবে।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে এসে রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। কিন্তু আমরা আর সংঘাত ও সংঘর্ষ চাই না। সব রাজনৈতিক দলকে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার রাজনীতিতে আসতে হবে।
তিনি বলেন, জীবনের বিনিময়েও দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাব।
তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, খেলাধুলা ও সুস্থ জীবনচর্চার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, জেলার মানুষকে আত্মনির্ভরশীল হতে হবে।
নিজের জন্মভূমির মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, এই মাটির সঙ্গে আমার জীবনের সবকিছু জড়িয়ে আছে। ঠাকুরগাঁওবাসীর ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না।
এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেনুয়া পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূর করিম, আরতি মার্ডি, প্রফেসর মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও ২ আসনের এমপি ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ অন্যরা।
সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।