সারাদেশ

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন

প্রিন্ট
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন

প্রকাশিত : ১১ জুন ২০২৬, রাত ১০:৩৬

কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে এক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা হিসেবে পরিচয় দিলেও সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুল ইসলাম সজল ও সাহেদ আহমেদের নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই। তিনি বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন, যা কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। তাঁর যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য বা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না।

দলীয় সূত্রে জানা গেছে, জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে বড় বড় বিলবোর্ড, পোস্টার ও ব্যানার স্থাপন করেছেন।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, বর্তমান ৫১ সদস্যের কমিটির বাইরে যুবদলের নামে কেউ সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারবে না। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

কন্দ্রীয় যুবদলের এই বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক পরিচয় নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।