সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

প্রকাশিত : ৯ জুন ২০২৬, রাত ১০:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে জালকুঁড়ি বাসস্ট্যান্ড রোডের ঝুটপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী (২৬) ও কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ খান (২৭)। কাদের চাঁদপুরের মতলব থানার মুক্তিকান্দী গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মাসুম ও কাদের মোটরসাইকেলযোগে জালকুঁড়ি থেকে দশপাইপ এলাকায় একটি কয়েল ফ্যাক্টরি উদ্বোধন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝুটপট্টি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি ময়লাবাহী ড্রাম ট্রাকের পেছন থেকে মোটরসাইকেলটি ওভারটেক করতে যায়। এ সময় রাস্তায় জমে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি হঠাৎ পিছলে সরাসরি ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) শাহআলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ড্রাম ট্রাকটিকে জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।