সারাদেশ

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক মহিলা লীগ নেত্রী সোনিয়া

প্রিন্ট
জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক মহিলা লীগ নেত্রী সোনিয়া

প্রকাশিত : ৮ মে ২০২৬, রাত ৯:২২

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটক থেকেই পুনরায় আটক হয়েছেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা।

শুক্রবার সকালে মাগুরা জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তিনি মৃত জামিল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরা সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন সোনিয়া সুলতানা। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হলে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করে সদর থানায় নিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়া সুলতানার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই তাকে পুনরায় হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, গত ৫ মার্চ মাগুরার জামরুলতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন সোনিয়া সুলতানা। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেলেও নতুন নাশকতার মামলায় আবারও তাকে আটক করা হয়েছে।