তিনি বলেন, ২০০৪ সালের ৮ মে ডা. বি. চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এর আগে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক সততা, আদর্শিক অবস্থান ও দেশপ্রেমের কারণে তিনি জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
ওবায়দুর রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনীতিতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে ডা. বি. চৌধুরী সংসদের উপনেতার দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে ডা. বি. চৌধুরী নিরপেক্ষ ও সাংবিধানিক অবস্থান বজায় রাখতে চেয়েছিলেন। তবে সে সময় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে নানা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
ওবায়দুর রহমানের ভাষ্য, রাষ্ট্রপতির পদ ছাড়ার পরও ডা. বি. চৌধুরী নিষ্ক্রিয় থাকেননি। তিনি উপলব্ধি করেছিলেন, ব্যক্তিস্বার্থনির্ভর রাজনীতি দেশের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই চিন্তা থেকেই তিনি জনগণের সামনে বিকল্প রাজনৈতিক দর্শনের ধারণা তুলে ধরেন।
তিনি জানান, পরবর্তীতে মেজর (অব.) আবদুল মান্নান ও মাহী বি. চৌধুরী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত হন। এরপর ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে দল গঠনের মাধ্যমে উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারার যাত্রা শুরু হয়।
ওবায়দুর রহমান বলেন, ডা. বি. চৌধুরীর স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্রমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। তবে দেশের প্রচলিত রাজনৈতিক কাঠামো এখনও সেই পরিবর্তনের পথে বড় বাধা হয়ে রয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে দেশের তরুণ প্রজন্ম গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া মানুষদের আত্মত্যাগ বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুর রহমান বলেন, আহত ও ক্ষতিগ্রস্তদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বকে সব ধরনের দুর্নীতি ও লোভের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। দেশের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান, শক্তিশালী অর্থনীতি এবং সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতামত