প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম
1685
০৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম
সিন্ডিকেটের কোনো অস্তিত্ব রাখতে চায় না সরকার উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি এবং ভবিষ্যতে কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প কবে চালু হবে, জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
সাইলো ও গুদামে কোনো অনিয়ম আছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি, মোটামুটি সব ঠিক আছে। কাজ করতে গেলে কিছু সমস্যা থাকবেই; সেসব নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধান করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনার অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণব্যবস্থা এবং কর্মীদের কাজের পরিবেশ সরেজমিনে দেখে প্রয়োজনীয় উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
দিনের কর্মসূচিতে সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সাইলো ও এর ভেতরে থাকা প্রিমিক্স কার্নেল মিল ঘুরে দেখেন। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা ও মিলের কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের ডিজি জামাল হোসেন, সাইলোর দায়িত্বে থাকা পরিচালক (চলাচল ও সংরক্ষণ) আব্দুল সালাম, ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, সাইলোর সুপার মো. রিয়াজুল আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।