সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৫ জন গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

1712

নারায়ণগঞ্জের বন্দরের ঢাকেশ্বরী বাজার এলাকায় স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত কিছু মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩২), মো. মিজান (২৬), মোহাম্মদ অনিক (২২), সুমন বেপারী (৩৮) এবং রাজু আহমেদ (২৪)।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার গুলাচর এলাকার একটি স্বর্ণের দোকানে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা দোকানদার ও এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ লাখ ৪৩ হাজার টাকার স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রূপার গহনা, ১টি স্বর্ণের নাকফুল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি চাইনিজ কুড়ালসহ দুটি লম্বা ছুরি উদ্ধার করা হয়। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!