সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

1711

নারায়ণগঞ্জবাসীকে আরও সহজ সেবা প্রদান এবং শহরটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খানপুরে এনডিএ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এ কথা জানান।

রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনদুর্ভোগ কমাতে রাজউকের কার্যক্রমে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফ্ল্যাট হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে মেইন ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে এবং ২৪ দিনের মধ্যে ভবন বা প্লটের পরিকল্পনা পাস করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। রাজউকের বিশাল পরিধি ও জনবল সংকট দূর করতেই স্থানীয় পর্যায়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, রাজউকের মাস্টারপ্ল্যানের বাইরে এনডিএ নারায়ণগঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে। এছাড়া ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোকে এনডিএর সীমানার আওতাভুক্ত করার বিষয়েও যাচাই-বাছাই চলছে।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ।

Link copied!