সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

1698

সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য এবং নাশকতার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশাল শোডাউন করেছে থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী পুরাতন থানা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপি শাখা কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আদমজী-চাষাঢ়া সড়ক হয়ে সিদ্ধিরগঞ্জ পুল গিয়ে শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এবং শতাধিক মোটরসাইকেলের বহরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসররা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। গোপনে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মাধ্যমে তারা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির বিন্দুমাত্র চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠন রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুল রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, সাধারণ সম্পাদক পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জনি ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ জনি।

এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ দুলাল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাসুদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!