সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৪৭ পিএম

1728

বাংলাদেশ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা আর মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, সীমান্তে নিরাপত্তার নামে কোনো ধরনের বর্বর আচরণ গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই বেশি মনে হচ্ছে।

তিনি বলেন, ভারত তাদের সীমান্তে কী ব্যবস্থা নেবে, তা তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর নির্যাতন বা হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এ ধরনের ঘটনা আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, একই ভাষাভাষী ও প্রতিবেশী দুটি দেশের সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে, যেখানে উভয় দেশের কিছু নাগরিক জড়িত থাকে। তবে এসব কর্মকাণ্ডের আর্থিক ও মানবিক ক্ষতির বড় অংশ বাংলাদেশকে বহন করতে হয় বলে তিনি দাবি করেন।

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকার সমালোচনা করে ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অত্যন্ত দায়িত্বশীলভাবে দেশের সীমান্ত পাহারা দিয়ে আসছে। একইভাবে বিএসএফ যদি ইতিবাচক ও দায়িত্বশীল আচরণ করে, তাহলে সীমান্ত পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে।

তিনি আরও বলেন, অতীতে বিএসএফের আচরণ বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তবে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন। পাশাপাশি সীমান্ত পরিস্থিতির অবনতি হলে তা নিয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম এবং মাওলানা ফজলে বারী মাসউদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!