সোমবার ০৫, অক্টোবর ২০২৬

০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

বিরোধীদের সমালোচনার জবাবে তৃণমূলে সক্রিয় হচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৫৫ পিএম

1721

জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং হাম পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সমালোচনার মুখে এবার সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, বিরোধীদের বিভিন্ন বক্তব্য ও প্রচারণার কারণে সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের কাছে সরাসরি পৌঁছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে চায় দলটি।

এ লক্ষ্য সামনে রেখে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপী কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কাছেও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তৃণমূল নেতাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলীয় অবস্থান তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

বিএনপির পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, গণমিছিল ও সরাসরি গণসংযোগ। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আগামী এক মাস এসব কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব ইউনিট কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

দলীয় নেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এর জবাব দিতেই তৃণমূল পর্যায়ে বিশেষ লিফলেট পাঠানো হয়েছে। ওই লিফলেটে বলা হয়েছে, গণভোটের কিছু প্রস্তাব জুলাই সনদের নির্দিষ্ট ধারার সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে।

লিফলেটে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপি জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পক্ষে রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটি।

বিএনপির নেতারা দাবি করছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকলেও সেটিকে কেন্দ্র করে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে। তাদের মতে, নির্বাচনে জয়ী দলই নিজেদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে— এমন সুযোগ সনদেই উল্লেখ রয়েছে।

হাম পরিস্থিতি নিয়েও বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, আগের সরকারের সময় টিকাদান কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল, যার প্রভাব এখনও রয়ে গেছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের কাছে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি সরকারের পদক্ষেপ ও সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করতে নির্দেশ দেন।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকার কোনো বাধা দেবে না বলেও তিনি উল্লেখ করেন। তবে জননিরাপত্তা বিঘ্নিত হয় বা সহিংস পরিস্থিতি তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করে। মুক্তিযুদ্ধ, গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাসকে সামনে রেখেই দলটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।

Link copied!