প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:৪৩ এএম
1721
০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
ইরানে ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৩ মে) তাকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলকে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ আনা হয়েছিল। ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রশিক্ষণ নিয়ে ইরানের সংবেদনশীল তথ্য পাচার করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নেপালে গিয়ে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাঠান বলে দাবি করে তেহরান।
তবে এ বিষয়ে স্বাধীনভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে একই সময়ে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক অবস্থান নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র সাইটের মধ্যে ৩০টি পুনরায় সক্রিয় বা পুনর্গঠন করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে দ্রুত বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব। কিছু স্থানে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ওই এলাকার তিনটি ক্ষেপণাস্ত্র সাইট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।