প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৭:০৮ এএম
1717
০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সেন্টারে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
জামিল আহমেদ লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নামের আরেকজন। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এই ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের তথ্যও উল্লেখ করা হয়েছে।