মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম

পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম

1714

বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অস্ত্র বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ ও বৈশ্বিক অঙ্গীকার নবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে পারমাণবিক হুমকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে দেশটি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পরও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠন সম্ভব হয়নি, যা গভীর উদ্বেগের বিষয়। তার মতে, পারমাণবিক অস্ত্রের অব্যাহত বিস্তার শুধু বৈশ্বিক নিরাপত্তার জন্যই হুমকি নয়, এটি উন্নয়ন ও মানবিক অগ্রগতির পথেও বড় বাধা।
বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই পারমাণবিক ও প্রচলিত অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে সোচ্চার। পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল অবস্থান বজায় রেখেছে।
তিনি এনপিটির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর আইনগত বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান। পাশাপাশি নিরস্ত্রীকরণ-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির সর্বজনীন বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমেই পারমাণবিক হুমকিমুক্ত নিরাপদ বিশ্ব গড়া সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের এ আহ্বান নিরস্ত্রীকরণ প্রশ্নে উন্নয়নশীল দেশগুলোর অবস্থানকে আরও জোরালোভাবে সামনে তুলে ধরেছে।

Link copied!