প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
1717
০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম
এমপি হানজালা
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা বলেছেন, ‘জুলাই’কে বাদ দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। তার মতে, জনগণের বৃহৎ অংশ গণভোট ও জুলাই সনদের পক্ষে মত দিয়েছে, তাই এই ম্যান্ডেট উপেক্ষা করার সুযোগ নেই।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
হানজালা বলেন, জনগণ ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই ভোট দিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকা শিবচরের মানুষও আস্থার ভিত্তিতে তাকে নির্বাচিত করেছে, তাই তিনি সংসদে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, তারা রাজনীতিতে ব্যক্তিগত ক্ষমতার জন্য আসেননি, বরং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চান। সংসদে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় এখন জনগণ মাঠে নেমে নিজেদের অবস্থান জানাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি স্পষ্টভাবে বলেন, এটি কোনো সরকার পতনের আন্দোলন নয়। তবে জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এমপি হানজালা বলেন, গণভোটের রায়কে সম্মান জানিয়ে ‘জুলাই’কে রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। তার মতে, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষে তিনি জানান, সংসদের পাশাপাশি প্রয়োজনে রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণের দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে।